ইন্দোনেশিয়ায় কোরআনে পা রেখে শপথ নেওয়ার ভিডিও ভাইরাল, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০১:১৬ পিএম


ইন্দোনেশিয়ায় কোরআনে পা রেখে শপথ নেওয়ার ভিডিও ভাইরাল, অতঃপর...
ছবি: সংগৃহীত

ভয়ংকর এক ধর্মীয় অবমাননার ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এক নারীকে চুরির অপবাদ দিয়ে তাকে কোরআনের ওপর পা রেখে শপথ করিয়েছেন তার এক আত্মীয়া। এমনকি ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন তিনি। দ্রুতই ভাইরাল হয়ে যায় ভিডিওটি এবং সেইসঙ্গে উঠে যায় তীব্র ক্ষোভ আর সমালোচনার ঝড়।      

চরম আপত্তিকর এই ভিডিওটি ইতোমধ্যে পুলিশের নজরে এসেছে এবং এই কুকর্মে জড়িত দুই নারীকে শনাক্ত করে গ্রেপ্তারও করা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ওই দুই নারীকে কোরআনের ওপর পা রাখতে দেখা গেছে। চলতি সপ্তাহে বানতেন প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম ও বয়স প্রকাশ না করা হয়নি। 

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননা আইনে দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এই আইন অনুযায়ী, দেশের ছয়টি সরকারি ধর্মের কোনো একটিকে অবমাননা করে কোনো মন্তব্য করা অথবা কাউকে সেই ধর্মগুলোর কোনো একটি পালনে বাধা দেওয়ার চেষ্টা করা নিষিদ্ধ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার এই ঘটনা ঘটেছে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দূরে বানতেনের লেবাকের এক সেলুন মালিক এক অতিথির বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ তোলেন। কিন্তু। যখন ওই নারী অভিযোগ অস্বীকার করেন, তখন সেলুন মালিক তাকে কোরআনের ওপর পা রেখে শপথ নিতে জোর করেন এবং এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন।

বানতেন পুলিশের মুখপাত্র মারুলি আহিলেস হুতাপেয়া এএফপিকে জানান, যে ব্যক্তি কোরআনের ওপর পা রেখেছে এবং যে ব্যক্তি তাকে শপথ করতে বাধ্য করেছে, তারা দুজনেই নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। পুলিশ তাদের তলব করেছে এবং তাদের চিহ্নিত করা হয়েছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনরোষের জন্ম দেয়। যদিও মানবাধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই ধর্ম অবমাননা আইনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। তাদের মতে, প্রায়ই ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করতে এসব আইনের অপব্যবহার করা হয়।

উল্লেখ্য, জাকার্তার প্রাক্তন গভর্নর বাসুকি তাহাজা পুরনামাও ২০১৭ সালে ধর্ম অবমাননার অভিযোগে প্রায় দুই বছরের জন্য কারারুদ্ধ ছিলেন। এছাড়া, ২০২৪ সালে মুহাম্মদ নাম নিয়ে কৌতুক করার জন্য দেশটির একটি আদালত এক কমেডিয়ানকে ছয় মাসের কারাদণ্ড দেয়। 

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ২৪ কোটিরও বেশি মুসলিম বসবাস করছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission